ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক একাদশকে ৪৪ রানে হারিয়েছে বর্তমান কার্য নির্বাহী কমিটি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত আট ওভারে দুই উইকেট হারিয়ে ১০৩ রান করেন কার্য নির্বাহী কমিটির ব্যাটসম্যানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রিয়াজ চৌধুরী। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন হাবীবুর রহমান। ১০৪ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত আট ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রানেই সন্তুষ্ট থাকতে হয় সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক একাদশকে।

সর্বোচ্চ ১৫ রান করেন মুরসালিন নোমানী। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন রাজু আহমেদ। ম্যাচের সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের রিয়াজ চৌধুরী।

এর আগে সাবেক সভাপতি ও নারী সদস্যদের জন্য আয়োজন করা হয় স্ট্যাম্প ভাঙ্গা প্রতিযোগিতার। এতে সাবেক সভাপতিদের মধ্যে প্রথম হন শাহজাহান সরদার, দ্বিতীয় হন জামাল উদ্দীন ও তৃতীয় সাইফুল ইসলাম। নারী সদস্যদের মধ্যে প্রথম হন শাহনাজ শারমীন, দ্বিতীয় হন রাশিদা আফজালুন নেসা ও তৃতীয় শাহনাজ পারভীন এলিস।

প্রীতি ম্যাচের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও স্পোর্টস এন্ডওয়েল ফেয়ার এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন), স্ট্যাটিক এড এন্ডবিউটিফিকেশনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম এবং ক্রেডিট এন্ড পাবলিকিশনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন। ডিআরইউর ক্রীড়া সম্পাদক মো: মজিবুর রহমানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং রজতজয়ন্তী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।

এমবি