আদালত অবমাননার অভিযোগে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।

এ সময় রাষ্ট্রপক্ষে কোনো প্রসিকিউটর উপস্থিত না ছিলেন না। বিবাদীপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মাদ মনির।

বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়া এবং সেই বক্তব্য প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদসহ চারজনের বিরুদ্ধে গত ৩ আগস্ট আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল।

রুলের অন্য বিবাদীরা হলেন- সংগ্রামের রংপুর প্রতিনিধি মো. নূরুজ্জামান, স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা।

উল্লেখ্য, 'একাত্তর সালে আজাহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি এবং ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না' শিরোনামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্বৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম।

কেএইচ