জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সফস্বল সাংবাদিক এসোসিয়েশনের উপদেষ্টা শওকত মাহমুদের মুক্তি, বন্ধ গণমাধ্যম পুনঃরায় চালু ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল বাধা দূরীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ)।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করে এসব দাবি জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোদাব্বের হোসেন, মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে শাখাওয়াত হোসেন বলেন, শওকত মাহমুদকে সাজানো মামলা দিয়ে আটক রাখা হয়েছে। তাকে একটি মিথ্যা মামলার চার্জশিটে গ্রেফতার করা হয়েছে এবং অপর আরেকটি মিথ্যা মামলায় ৩দিনের রিমান্ড দেয়া হয়েছে। তাকে যে অভিযোগে আটক করা হয়েছে সেটা হাস্যকর এবং ষড়যন্ত্রমূলক।
তিনি বলেন, কারাগারে শওকত মাহমুদের কিছু হলে এর দায় সরকারের এবং কারা কতৃপক্ষের। শওকত মাহমুদকে মুক্তি না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হবে। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনবো।
বর্তমান সরকার গণমাধ্যমের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে শহিদুল ইসলাম বলেন, সরকারের বিরুদ্ধে লিখলেই সরকার নির্যাতন করছে। অতীতে কোনো সরকার এভাবে গণমাধ্যমের উপর নির্যাতন করে টিকে থাকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না।
এসময় তিনি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, একুশে টেলিভিশনের সিইও আব্দুস সালামসহ সকল সাংবাদিকেরও মুক্তি দাবি করেন।
এমএ/এআই





