আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিদেশ সফর নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘটনায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে করা মানহানির মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্থগিতাদেশের পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেন। রুলে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তবারক হোসেইন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার উর্মি রহমান।
গত বছরের ১৭ জুলাই মানবজমিনের প্রথম পাতায় ‘দীপু মনির বিশ্বরেকর্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এর সূত্র ধরে ওই বছরের ৯ সেপ্টেম্বর চাঁদপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার
মানহানির অভিযোগে মামলা দায়ের করেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হায়দার সংগ্রাম।
এ মামলায় এর আগে মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী এবং কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমান বিচারিক আদালত থেকে জামিন পেয়েছিলেন।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]