বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সরকারের যতো নির্যাতন আসুক না কেন আমাদের সত্য বলার জিহাদ চলবেই।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পেশাজীবী নির্যাতন ও অধ্যাপক ড. মাহবুব উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, ‘এ সরকারের আমলে মুক্তচিন্তা মানুষের উপর বারবার হামলা হয়েছে। দুই হাজারের বেশি সাংবাদিক নির্যাতিত হয়েছে। তারা সত্য কথা বলায় নির্যাতিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের মত প্রকাশ করতে পারেন না। সত্য কথা ও স্বাধীনমত প্রকাশ করলেই তাদের উপর নেমে আসে নির্যাতন।’

এসময় অধ্যাপক ড. মাহবুবউল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিও জানান তিনি।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন, ‘পেশাজীবীরা হামলাকে ভয় পায় না। শেখ হাসিনা আপনি কত রক্ত চান? রাজপথে আমাদের রক্ত দিয়ে হলেও পেশাজীবীদের উপর হামলা বন্ধ করা হবে।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ড্যাবের মহাসচিব ডা. জেডএম জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক তাহমিনা খাতুন, নজরুল গবেষক আব্দুল হাই শিকদার প্রমুখ।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই