যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকায় পুলিশ একটি প্রাইভেট কার থেকে ১৪৫ বোতল ফেনসিডিল, এক দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। ওই প্রাইভেটকারের সামনে ও পেছনে একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার লাগানো ছিল।
এ ঘটনায় পুলিশ ওই কারের একজনকে আটক করেছে। পালিয়ে গেছে দুজন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাসুদ জানান, বিকেলে তারা যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা ফিলিং স্টেশন এলাকায় টহলে ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-১২৬৪) যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল। সেটি থামার সংকেত দিলে প্রাইভেট কার থেকে দুজন নেমে পালিয়ে যায়। কারটি তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া সিটের নিচে বিশেষভাবে রক্ষিত একটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড গুলি, দুটি ক্যামেরা স্ট্যান্ড উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মোস্তাক হোসেন, তার বাড়ি ঢাকার সাভার।
সে জানায়, শার্শার উলাশী এলাকা থেকে ওই প্রাইভেট কারে এগুলো তোলা হয়। পালিয়ে যাওয়া শামসুদ্দিন হিরা ওই টেলিভিশনের সাংবাদিক ছিলেন। চাকরি চলে যাবার পর এখন তিনি ফেনসিডিল ব্যবসা করেন। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।
এফএফ





