জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) [একাংশ]সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।

এই সিনিয়র সাংবাদিক কারাগারে থেকেই এই নির্বাচনে অংশ নেন।

এদিকে, সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন সাংবাদিক এম আবদুল্লাহ।

এর আগে, রোববার সুপ্রিম কোর্ট বার সমিতি মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা ও ঢাকার বাইরের ১৯৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী তিনজন হলেন শামসুদ্দিন হারুন, মুনসি আবদুল মান্নান ও রেজাউল করিম রাজু। সহকারী মহাসচিব পদে বিজয়ী তিনজন হলেন মোহাম্মদ মোদাব্বের হোসেন, মো: শাহনেওয়াজ ও নূর ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ওবায়দুর রহমান শাহীন ও সাংগঠনিক সম্পাদক পদে মো: শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মো: আবু ইউসুফ দফতর সম্পাদক ও মো: জাকির হোসেন প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাতজন নির্বাহী পরিষদ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন: এহতেশামুল হক শাওন, কামার ফরিদ, সৈয়দ ফজলে রাব্বি ডলার, আসাদুজ্জমান আসাদ, শফিউল আলম দোলন, জাহিদুল করিম কচি ও মো: হায়দর আলী।

কেবি