পৃথক এসব ঘটনায় তিন এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
পাবনায় তিন শিশুর মৃত্যু
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—সুমি খাতুন (৭), খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে শিশুরা বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন অন্যরা। এ সময় পরপর তিনজনই পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টেকনাফে নাফ নদীতে প্রাণ গেল দুই শিশুর
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে মারা গেছে দুই শিশু। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।
স্থানীয়দের ভাষ্য, সকালে দুই শিশু নাফ নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নৌকা নিয়ে তাদের খুঁজতে শুরু করেন। পরে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নদীর অংশ থেকে দুজনকে উদ্ধার করা হয়। আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চিনাহালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ ওই এলাকার কাজল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের অজান্তে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামসাদ সারোয়ার সামিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দিনে দেশের তিন জেলায় ছয় শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারগুলোর পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোক নেমে এসেছে।
এস
