রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ইমরান ও জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলি এলাকায় তার স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রোববার রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তার স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এমএম