শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় নির্ধারিত সময়েই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। সীতাকুণ্ড অতিক্রম করার পর উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায় পৌঁছালে ট্রেনটির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কারের একটি কোচের কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত জানান, ত্রুটি সারাতে সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা কাজ করেছেন। তবে কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হওয়ায় ট্রেনটি চালানো সম্ভব হয়নি। পরে ঠিক হয়ে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনে থাকা যাত্রী ইকবাল হোসেন জানান, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুণ্ড পার হওয়ার পর হঠাৎ উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থেমে যায়। প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর ছেড়ে গেছে।
তিনি আরও বলেন, সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছি, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকে আছি।
এদিকে একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ রয়েছে। এতে দুটি ট্রেনের শত শত যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়।
এ বিষয়ে জানতে বড়তাকিয়া রেল স্টেশন মাস্টার শামছুদৌহার মোবাইলে একাধিকবার ফোন করার পরও তিনি রিসিভ করেননি।
এমএম