মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচনে জনগণের ভোট রক্ষা করা সবার দায়িত্ব। কেউ যেন কোনোভাবেই ভোট চুরি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ এখন জামায়াতের প্রতি আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠছে। গত সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমন এলাকাগুলোতে সাধারণ মানুষ তুলনামূলক ভালো আছেন বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে ঠাকুরগাঁওয়ের ভোটাররা এবার নতুন করে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেন সেলিম উদ্দিন।
ভোটারদের মন জয় করার বিষয়ে তিনি বলেন, ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে এখন আর মানুষের ভোট নেওয়া যাবে না। ভালোবাসা, আন্তরিকতা ও মানবিক গুণাবলির মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে এসব গুণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, দেলাওয়ার হোসেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। একজন নির্যাতিত মানুষই অন্য নির্যাতিত মানুষের কষ্ট বুঝতে পারেন। তাই এবার ঠাকুরগাঁওয়ের মানুষ তাঁকে সেই সুযোগ করে দেবেন বলে তাঁরা আশা করছেন।
নির্বাচনী মাঠে নেতা-কর্মীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সব ধরনের ভয়ভীতি, হুমকি-ধমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রতিপক্ষ বিভিন্নভাবে তাঁদের মনোবল নষ্ট করার চেষ্টা করতে পারে এবং দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও ভয়ভীতি দেখাতে পারে। তবে যত বাধাই আসুক, তাঁরা লক্ষ্য থেকে একটুও সরে আসবেন না।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, প্রেস সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল জুয়েল, সদর আমির মাওলানা মিজানুর রহমান ও সদর সেক্রেটারি এস এম আদিউল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমএম











