মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমিন হাজির বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ড সহ-সভাপতি বেলায়েত সেলিমের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড ও দা দিয়ে ঘরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে।
একপর্যায়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের উপস্থিত হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী বেলায়েত সেলিম জানান, তিনি দীর্ঘ দিন জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং বর্তমানে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।’
স্থানীয় জামায়াত কর্মী আরিফ হোসেন জানান, ‘রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের কারণেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।’
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ লুৎফুর রহমান বলেন, ‘হামলার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএম