ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) তার প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার দায়ে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশন এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

দিলকুশা বাণিজ্যিক এলাকায় বহুতল ভবন নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসি’র যথাযথ মালিকানা থেকে বঞ্চিত করার অভিযোগে এ চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চত করেছেন।

অন্য অভিযুক্তরা হলেন ডিসিসি’র নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহম্মেদ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (কেইস প্রজেক্ট) মো. মফিজুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী (অঞ্চল-৮) মো. আমিনুর রহমান চৌধুরী।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানান, ঠিকাদার এম আর ট্রেডিংয়ের দায়ের করা রিট আইনগতভাবে নিষ্পত্তি না করে এ দুর্নীতি করা হয়েছে। অভিযুক্তরা গঠিত মূল্যায়ন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নিষ্পত্তি মামলার সলেনামা অনুযায়ী ৯০ দিনের মধ্যে চুক্তি সম্পাদন না করে নিষ্পত্তির তারিখের ১২ দিন পর চুক্তি সম্পাদন করেন। এতে মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসিসি’র ৩০ শতাংশ মালিকানার পরিবর্তে ২৫ শাতাংশ মালিকানা হয়। ফলে পাঁচ শতাংশ মালিকানা থেকে বঞ্চিত হয় ডিসিসি। ৩৭/দিলকুশা বাণিজ্যিক এলাকায় বহুতলা ভবন কাম কার পাকিং নির্মাণে এ দুর্নীতি হয়।

এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা-ডিসিসি) মো. নুরুল হক, ডিসিসি’র কেইস প্রকল্প পরিচালক মো. সেহাবউল্লাহ ও এম আর ট্রেডিংয়ের মালিক মো. মিজানুর রহমানকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এ চার্জিশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। ২০১২ সালের ২৯ মার্চ রাজধানীর শাহাবাগ থানায় মামলাটি (মামলা নং-৪১) দায়ের করা হয়।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এ মামলার তদন্ত করেছেন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ