দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরসহ ছয়জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে মঙ্গবার তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে অ্যাডভোকেট দুলাল মিত্র জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- হাসপাতালের উপ-পরিচালক মো. ফয়জুল্লাহ, হিসাবরক্ষক নজরুল ইসলাম, হিসাবরক্ষক নজরুল ইসলাম (২), মের্সাস হাবিব ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক আতিয়ার রহমান।

এর আগে ২৭ আগস্ট পাঁচ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। অন্যদিকে ৭ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক আতিয়ার রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯-১০ অর্থবছরে মেডিকেল কলেজের সরঞ্জাম কেনার নামে তারা ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসিমুল হক ২০১১ সালের ১৬ নভেম্বর মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ১৫ মে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ