বকশীবাজারের সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। আলালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
গতকাল শনিবার রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় মোয়াজ্জেম গন্ডগোলের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ওই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাজিরা দিতে যান।
তাঁর আসা-যাওয়ার আগে ও মাঝের সময়টুকুতে বকশীবাজার এলাকায় জড়ো হওয়া বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় পরের দিন চকবাজার থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এই মামলায় আলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমকে





