ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার চার মামলায় আদালত এ রায় দেন।
বুধবার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে হাজির করে চার মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করেন ওই চার মামলার তদন্ত কর্মকর্তারা।
শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় দুই দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া আসামির রিমান্ড আবেদন বাতিলপূর্বক জামিনের জন্য আবেদন দাখিল করেছিলেন।
এর আগে গত ১৯ জুলাই প্রাইভেটকারে করে কুয়াকাটা যাওয়ার পথে ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
সেসময় ওই প্রাইভেটকার থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ দাবি করেন।
অবশ্য ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার জানান, বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে পটুয়াখালীতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাজীব। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।
এআর





