রাজধানীর মালিবাগে পুলিশের পিকআপ ভ্যানে বিস্ফোরণে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক রিকশা চালক আহত হয়েছে।

রোববার (২৬ মে) রাত ৯টার দিকে মালিবাগ মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, কীভাবে বিস্ফোরণটি ঘটেছে তা, এখনই বলা যাচ্ছে না।

আহতরা হলেন- এএসআই রাশেদা আক্তার (২৮) ও রিকশাচালক লাল মিয়া (৫৫)। রাশেদা আক্তারকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়। লাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শিবলি নোমান বলেন, রোববার (২৬ মে) রাত ৯টার দিকে পুলিশের একটি গাড়ি মালিবাগ মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ওই গাড়ির কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ট্রাফিক বিভাগের এএসআই রাশেদা আক্তার ওই জায়গাতে দায়িত্বরত ছিলেন। বিস্ফোরণে রাশেদা আক্তার পায়ে এবং লাল মিয়া মাথায় আঘাত পান।  

এটি কোনো নাশকতার ঘটনা কি না? এমন প্রশ্নের জবাবে উপ-কমিশনার শিবলি নোমান বলেন, বিষয়টি এখনো পরিষ্কার নয়। এটা বোমা নাকি ককটেল সেটাও জানা যায়নি। অপরদিকে এটা ছুড়ে মারা হয়েছে কি না বা আগে থেকে পাতা ছিল কি না, সেটাও এই মুহূর্তে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল (সোমবার) রাতে গুলিস্তানে এলাকায় পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। সে সময় ওই ঘটনার দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। 

এমবি