আগামী সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার  মোশাররফ  হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার চার্জশিট  তৈরি হচ্ছে। ইতোমধ্যে এ মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষে প্রতিবেদনের খসড়া তৈরি করা হয়েছে বলে জানা যায়।

নাম না প্রকাশের শর্তে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) একটি সূত্র বিষয়টি  নিশ্চিত করেছে।

জানা যায়, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত  মানি লন্ডারিং ( বিদেশে অর্থ পাচার) মামলার তদন্ত  প্রতিবেদন যে কোনো দিন দুদকের সংশ্লিষ্ট শাখায় জমা হতে পারে।

গত ৬ ফেব্রুয়ারি দুদকের  পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি  ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে  ৯  কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা যুক্তরাজ্যে পাচার করেছেন।

এ মামলাটি তদন্ত করছেন বাদী নাসিম আনোয়ার। তিনি গত ৮ জুন  কাশিমপুর কারাগারে আসামি ড.খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন ।

ওই অভিযোগ অনুসন্ধানকালেই দুদক ড. মোশাররফ হোসেনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এছাড়া গত ৮ এপ্রিল তার স্ত্রী বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ করে দুদক । কারণ দুদকের কাছে তথ্য রয়েছে,ড. মোশাররফ হোসেন ও স্ত্রী বিলকিস আক্তারের  যৌথ এ্যাকাউন্টে যুক্তরাজ্যের একটি দ্বীপ রাষ্ট্রের ব্যাংকে ওই অর্থ রাখা হয়েছে।

এদিকে এ মামরার তদন্তের  অগ্রগতি প্রসঙ্গে দুদক কমিশনার (তদন্ত) মোঃ সাহাবুদ্দিন চুপ্পু  বলেন, তদন্ত  প্রক্রিয়া শেষ পর্যায়ে।  প্রতিবেদন সংশ্লিষ্ট শাখায় দাখিলের পর যাচাই বাছাই হবে। এর পর কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে বলেও নিশ্চিত করেন তিনি। 

ঢাকা, একে, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর