মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন বিষয়ে আদেশ সংশোধন চেয়ে আবেদনের শুনানি ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ (রোববার) সকালে ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আমানুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২৩ আগস্ট রানার জামিন নিয়ে শুনানি আজ ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখেছিলেন আদালত।

গত ৮ মে সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন ৪ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলা ৬ মাসের জন্য নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

পরে আবারও জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া সংসদ সদস্যের জামিন নাকচ করে আদেশ দেন। বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

এমবি