মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আগামী ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চে যুক্তি দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
সাঈদীর বিরুদ্ধে ১০ নম্বর  অভিযোগে যুক্তি খণ্ডন করেন অ্যাটর্নি জেনারেল। যুক্তি শেষে মামলার কার্যক্রম আগামী ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।
সাঈদীর আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমদ আল আমিন জানান, আগামী শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রীম কোর্ট শীতকালীন অবকাশ থাকবে। এ কারণে আপিল বিভাগ ১ এপ্রিল পর্যন্ত সাঈদীর মামলা মুলতবি করেন।
গত ২৫ ফেব্রুয়ারি থেকে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেন। গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামীপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলার আপিলের শুনানি শুরু হয়।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন প্রথম আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ২৮ মার্চ আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]