পিলখানায় বিডিআর হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
রোববার হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায় বিচারপতি মোস্তাফা জামান ইসলামের পরিবর্তে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার যুক্ত হয়েছেন।
বিচারপতি মো. মোস্তফা জামান ইসলামকে বাদ দিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে এ বেঞ্চে যুক্ত করা হয়েছে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ পিলখানা হত্যার মামলাগুলো শুনানি করবে।
সোমবার এ মামলার শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
গত ৫ জানুয়ারি মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। ওই দিন পেপারবুক প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট শাখার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৮ জানুয়ারি দিন ধার্য করেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ততকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের ঘটনায় প্রথমে লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ জন বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম অন্তর্ভুক্ত হয়। এ ছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায়ও সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়।
এএইচ





