একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড না হওয়ায় আমি ব্যক্তিগতভাবে ব্যথিত হয়েছি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ সোমবার রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দুর্বলতা ও ব্যর্থতার কারণেই সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়নি।’

তিনি বলেন, ‘সাঈদী ছিল যুদ্ধাপরাধীদের শিরোমনি। সাঈদী দেশ, সভ্যতা ও মানুষের জন্য ক্ষতিকর কিন্তু এমন একজন মানুষের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড না হওয়ায় আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। সর্বোচ্চ আদালতের রায় মেনেই নিতে হবে। দুঃখ আমার রয়েই গেল।’

আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ আজ রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন। এর আগে গতকাল রোববারও একই বেঞ্চে শুনানি হয়।

বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মুস্তাঈন