প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে কার্টুন ও স্ট্যাটাস দেয়ায় বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

আজ (বুধবার)দুপুর ১টার দিকে রাজধানীর কাওরান বাজারে বিডিজবসের প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।”  

প্রায় দেড় যুগ আগে ফাহিম মাসরুর বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি ছাড়াও তিনি বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী।  তিনি দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।   

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল এ বিষয়ে কাফরুল থানায় এজাহার দায়ের করেন।  

এজাহারে লেখা হয়েছে, ফাহিম মাশরুরের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্তক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকানণ্ড অব্যাহত রেখেছে।  

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে লেখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধ করেছে। এছাড়াও এজাহারে মোট ৮টি অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এমবি