রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে অন্য একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষ হয়েছে মান্নার।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ শনিবার বিকালে মান্নাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চাইলে ঢাকা মহানগর হাকিম আতাউল হক তা মঞ্জুর করেন।
এর আগে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে একটি মামলায় ২৫ ফেব্রুয়ারি মান্নাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মান্নার রিমান্ড চলাকালেই গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, যাতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকার টেলিফোন আলাপের একটি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করলে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে ঢাকার সাবেক মেয়র খোকার সঙ্গে আলাপচারিতায় সরকারবিরোধী আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মান্নাকে কথা বলতে শোনা যায়।
একই দিন অন্য এক ব্যক্তির সঙ্গেও মান্নার কথোপকথনের আরেকটি অডিও ক্লিপ প্রকাশ হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে, যাতে চলমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে তাকে আগ্রহ প্রকাশ করতে শোনা যায়।
চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা মান্নার এই কথোপকথন ফাঁসের পর গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
টেলিকথোপকথনে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে তাকে প্রথম দফায় রিমান্ডে পায় পুলিশ।
এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান। এরপর আওয়ামী লীগ থেকে বাদ পড়ে নাগরিক ঐক্য গড়ে তোলেন।
ছাত্রজীবনে বামপন্থি সংগঠনে যুক্ত মান্না ডাকসুতে দুই বার ভিপি নির্বাচিত হন। চাকসুতেও জিএস ছিলেন তিনি।
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত খোকা সেখানে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।
এমকে





