নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে তার আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকাল ৩টার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় তাকে।
সেখানে থাকা নাগরিক ঐক্যের কর্মীদের উদ্দেশে হাত নাড়েন মান্না। এ সময় কর্মীরা ‘মান্না ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ বলে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া মান্না আদালতে পৌঁছানোর আগেই তাঁর স্ত্রী মেহের নিগার, মেয়ে নীলম মান্না, মেজো ভাই মোবায়দুর রহমান ও তাঁর স্ত্রী বেগম সুলতানা আদালতে আসেন।
সেনা বিদ্রোহের উসকানি দিয়ে সরকার উৎখাতের অভিযোগ গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় মান্নাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই মামলার জের ধরেই মঙ্গলবার রাতে ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে মান্নাকে আটক করে রাব-২।
তবে মান্নার পরিবারের অভিযোগ, সোমবার দিনগত রাতেই বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। যদিও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
তুলে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেন। তবে আটকের পর থেকে ২১ ঘণ্টা মান্নাকে কোথায় রাখা হয়েছিল, এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।
কেএইচ, কেবি





