মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় রিভিউ আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রাখা হয়েছে।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে শনিবার দেখা গেছে, আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় কামারুজ্জামানের রিভিউ আবেদনটি ৬ নম্বরে রাখা হয়েছে।
সেখানে বলা হয়েছে, মুহাম্মদ কামারুজ্জামান বনাম চিফ প্রসিকিউর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। সর্বশেষ কামারুজ্জামানের রিভিউ আবেদনটি ১ এপ্রিল শুনানির জন্য কার্যতালিকায় এসেছিল।
রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য ওইদিন কামারুজ্জামানের আইনজীবীরা খন্দকার মাহমবুব হোসেনের অসুস্থতার কারণ দেখিয়ে সময় প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক ৫ এপ্রিল দিন ধার্য করে দিয়েছিলেন।
রোববার কামারুজ্জামানের রিভিউ আবেদনটি শুনানি করা হবে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে হাইকোর্ট এলাকা থেকে আটক করে একটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। একই বছর ২ আগস্ট তাকে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৯ মে তার কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে ওই বছরের ৬ জুন কামারুজ্জামান ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
ওই আপিলের প্রেক্ষিতে গত বছরের ৩ নভেম্বর তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
এআর





