বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে পল্টন থানার নাশকতার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পুলিশের করা রিমান্ড আবেদনও গ্রহণ করেননি আদালত।
বুধবার রিজভীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার এসআই মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এ ছাড়া রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনে রিমান্ড ও জামিন দুটোই নামঞ্জুর করেন। তবে তদন্ত কর্মকর্তা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে বলেছেন আদালত।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ বছরের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রুহুল কবির রিজভীকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাব সদস্যরা আটক করেন। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।
এমকে





