পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সাবেক বন কর্মকর্তা রিজাউল শিকদারসহ ৪ জনের বিরুদ্ধে,প্রতারণা, জালিয়াতি দুর্নীতি ও অর্থ আত্মসাতে অভিযোগে পৃথক ২ মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুদক।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সভায় বন বিভাগের সাবেক ও বর্তমান ওই ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দায়ের হওয়া মামলায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, একটি মামলায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সাবেক বন কর্মকর্তা রিজাউল শিকদার, সাবেক সহকারি বন রক্ষক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অরুনময় চাকমার বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন হয়েছে।
এ মামলার অপর ২ আসামি সাবেক ডেপুটি রেঞ্জার গিয়াস উদ্দিন আহমেদ এবং সাবেক রেঞ্জ কর্মকর্তা মো. বখতিয়ার হোসেন ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাদেরকে চার্জশিটের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, অপর মামলার আসামি সাবেক বন কর্মকর্তা এ এস এম জহির উদ্দিন আকনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় দন্ডবিধি ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন হয়েছে।
এ অনুমোদনের ফলে যে কোন দিন সংশ্লিষ্ট আদালতে আসামিদের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করতে পারেন।
একে