সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৭৯ বার সময় পেছাল।
আজ (১১ মার্চ) বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার প্রথম তদন্ত শুরু করেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহুরুল ইসলাম। ৩ দিনের মাথায় মামলা হাতবদল হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মো: রবিউল আলম এই মামলার তদন্তভার গ্রহণ করেন।
এরপর হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
এমবি





