সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু মেঝো ভাই বাহিনীর দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে রাম দা ও দেশীয় বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাদার নদী সংলগ্ন জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনা জেলার কয়রা এলাকার জয়নাল  ও জসীম। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের মেঝো ভাই বাহিনীর হয়ে দস্যুতা করতেন। 

সাতক্ষীরার শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের দস্যু মেঝো ভাই বাহিনীর আস্তানায় অভিযান চালায় পুলিশ।

এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে চলা ‍এই বন্দুকযুদ্ধে মেঝো ভাই বাহিনীর দুই বনদস্যু গুলিবিদ্ধ হয়।

অন্যান্যরা গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই জাহিদ।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই