রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজুর বিরুদ্ধে। নিহত কিশোরের নাম রাজা (১৭) বলে জানা যায়।
হাজারীবাগের গণকটুলি এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাজার ফুপু রত্না বেগম জানান, রাজা তার বাবা বাবুল মিয়ার সঙ্গে গণকটুলি এলাকার ৪৬ নম্বর বাসায় থাকতেন। তাদের বাসার পাশেই ছাত্রলীগ সভাপতি আরজু থাকেন।
তিনি অভিযোগ করেন, সকালে আরজুর বাসা থেকে তার একটি মোবাইল খোয়া যায়। এ ঘটনায় সন্দেহ করে আরজু কিশোর রাজাকে ধরে তার বাসায় নিয়ে যায়।
এর পর বাসার গেইট বন্ধ করে তাকে বেদম মারধর করে। বিকেল ৪টার দিকে রাজাকে অচেতন অবস্থায় বাসায় দিয়ে যায়।
রাজার পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছাত্রলীগ নেতা আরজু বলেন, রাতে তার বাসা থেকে চারটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজাকে আজ সকালে আমার বাসায় ডেকে আনি।
এ সময় তার খালাত ভাই শামীমকেও ডেকে আনা হয়। জেরা করার একপর্যায়ে শামীম তার ভাই রাজাকে মারধর করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এটি খতিয়ে দেখা হচ্ছে।’
এসএইচ





