৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান মিজানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলে।

দুদকের জনসংযোগ বিভাগ ও কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক পরিচালক মনজুর মোরশেদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ১৫ জুলাই মিজানকে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

প্রসঙ্গত, বিতর্কিত ডিআইজি মিজান তার বিরুদ্ধে ওঠা ঘুষ, দুর্নীতির অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন বলে গত ৯ জুন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার জেরে মিজান ও বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর গত ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী দুদক পরিচালক ফানাফিল্যা।

এসএম