রাজধানীর কল্যাণপুর 'তাজ মঞ্জিলে' যৌথ বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে আমরা ময়নাতদন্ত শুরু করে দেড়টার দিকে শেষ করি।
ময়নাতদন্ত শেষে ৯ জঙ্গির মধ্যে ৪জনের শরীর থেকে সাতটি বুলেট উদ্ধার করা হয়েছে। সবার গায়ে ৭-৮টি করে বুলেটের চিহ্ন রয়েছে। বেশিরভাগের শরীরে পেছন থেকে গুলি ঢুকে বেরিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা যখন মরদেহগুলো রিসিভ করি তারও ১২-১৩ ঘণ্টা আগে তাদের মৃত্যু হয়।
এছাড়া তাদের শরীরে কোনো মাদকের অস্তিত্ব আছে কী না, এজন্য রক্ত, চুল, থাই, মাসল ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এটা পরীক্ষার জন্য পাঠানো হবে। আশাকরি একমাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবো।
ডা. সোহেল মাহমুদ আরও বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট আমাদের যা যা বলেছে আমরা তা তা সংগ্রহ করেছি। তারা চাইলে এটা এফবিআইয়ের কাছে দিতে পারবে।
এর আগে সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ (ডিএমপি) ওই ৯ জনের সুরতহাল প্রতিবেদন ঢামেক হাসপাতালে পাঠায়।
এসএম





