রাজউকের প্লট জালিয়াতির ৩ মামলার আসামি প্রবাসী কল্যাণ সচিব ড. খোন্দকার শওকত হোসেন ব্যক্তিগত শুনানির জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন।

মঙ্গলবার দুদক চেয়ারম্যানের কাছে দুদক আইনের ২২ ধারায় তার পত্রবাহক এ আবেদন দায়ের করেন।

এদিকে দুদকের তদন্ত কর্মকর্তা উপ পরিচালক যতন কুমার রায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে। যে কোনো দিন দুদকের সংশ্লিষ্ট দফতরে ৩ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

প্লট জালিয়াতির এই ৩ মামলায় শুধু সচিব শওকত হোসেন আসামি হলেও তদন্ত প্রতিবেদনের খসড়ায় আসামির যুক্ত হচ্ছেন ৭ জন।

এরমধ্যে শওকতের মা জাকিয়া আমজাদ, স্ত্রী আয়েশা খানম, অতিরিক্ত সচিব আতাউল হক মোল্লা, তার স্ত্রী কামরুন নাহার ঝর্না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মুসা, রাজউকের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান ও উচ্চমান সহকারী সাইদুল ইসলামের নাম আছে।

অভিযোগ রয়েছে, রাজউকের ৩টি প্লটের আকার বেআইনীভাবে পরিবর্তনের ঘটনায় গত ২২ এপ্রিল প্রবাসী কল্যাণ সচিব ড. খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে মতিঝিল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করে দুদক। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় টানা ৩ মাস এ মামলাগুলো তদন্ত করছেন।

তদন্ত কর্মকর্তা একাধিকবার রাজউকের তৎকালিন চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা, সাবেক চেয়ারম্যান শহিদ আলম, সাবেক সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার , আখতার হোসেন ভুইয়া (সদস্য-এস্টেট ), এম. মাহবুব উল আলম (সদস্য-উন্নয়ন), নাজমুল হাই (সদস্য-প্রশাসন ও ভূমি), শেখ মোহাম্মদ আব্দুল মান্নান (সদস্য-পরিকল্পনা), উপ-পরিচালক (এস্টেট-২) মোহাম্মদ মুসা, রাজউকের সাবেক সচিব (বর্তমানে আরইবি’র সদস্য) আতাউল হক মোল্লা, সাবেক উপ-পরিচালক (এস্টেট-২) বর্তমানে ড. শওকত হোসেনের অধীনে কর্মরত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মুসা, রাজউকের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান, উচ্চমান সহরকারি সাইদুল ইসলাম, আতাউল হক মোল্লার স্ত্রী কামরুন নাহার ঝর্নার সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে এসেছে জিজ্ঞাসাবাদকালে।

জানা যায়, শওকত হোসেন উত্তরা প্রকল্পে সেক্টর-১৭/বি, রোড-৪/এ ৩ কাঠার পরিবর্তে ৫ কাঠা বরাদ্দ নিয়ে তা থেকে ২ কাঠা তৎকালিন রাজউক সচিব আতাউল হক মোল্লাকে উপহার দেন। শওকত হোসেন আতাউল হকের স্ত্রীর বড়বোন সুরাইয়ার নামে ২ কাঠা ‘ক্রয়’ দেখান। পরে বোনের কাছ থেকে ছোট বোন ঝর্নাকে ‘হেবা’ দেখান। যা এখন কার্যত ভোগ-দখল করছেন আতাউল হক নিজেই। এ কারণে শওকতের সঙ্গে মামলায় জড়িয়ে যাচ্ছেন আতাউল হকের স্ত্রী ।

এদিকে ৩ মামলার তদন্ত প্রতিবেদন সম্পর্কে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের আগে ড. শওকত হোসেন দুদক আইনের ২২ ধারায় উল্লেখ করে ব্যক্তিগত শুনানির সুযোগ নিয়েছে।

ঢাকা, একে, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেএ