পরিবেশ দূষণের দায়ে বসুন্ধরা ও হামীম গ্রুপের দুটিসহ তিন কারখানাকে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিপ্তর। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁও ও গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এগুলোর মধ্যে সোনারগাঁওয়ে বসুন্ধরা পেপার মিলসকে ১৫ লাখ টাকা, শ্রীপুরে হামীম ডেনিম লিমিটেডকে ১০ লাখ টাকা ও ওয়ানটেক্স লিমিটেডকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পরিবেশগত ছাড়পত্র নবায়ন, নিয়মিত তরল বর্জ্যের নমুনার ফলাফল দাখিল না করা ও ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য দ্বারা মেঘনা নদীর পানি দূষিত করার অপরাধে বসুন্ধরা পেপার মিলস ইউনিট ২ এবং প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অপরাধে ওয়ানটেক্স লি. ও হামীম ডেনিমকে জরিমানা করা হয়।'
এই তিন কারখানার মালিক বা প্রতিনিধিকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনাণি গ্রহণ করার হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ৩০ এপ্রিল মেঘনা নদীর পানি দূষিত করার অপরাধে বসুন্ধরা পেপার মিলকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





