দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের জবাবের শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে রুলের জবাব দাখিলের পর এ বিষয়ে শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৮ আগস্ট তাদেরকে আজ ২৬ অক্টোবর আদালত অবমাননার রুলের ব্যাখ্যা দাখিলের জন্য আদেশ দিয়েছিল আদালত।

সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ, সংগ্রামের রংপুর প্রতিনিধি মো. নূরুজ্জামান, স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক হাজির হন। প্রথম তিনজনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী এম আই মশিউজ্জামান। অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা তার পক্ষে নিজেই শুনানি করবেন বলে জানান।  

বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়া এবং সেই বক্তব্য প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে গত ৩ আগস্ট আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল।

'একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমাণ্ডারের নাম শুনিনি’ এবং ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোন ছাত্র নেতা ছিলেন না’ শিরোনামে সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্বৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল দৈনিক সংগ্রাম।

কেএ