জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা সাবেক কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে কবরস্থান ও রাস্তা উন্নয়নের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের এক সভায় আসামিদের বিরুদ্ধে এ মামলা অনুমোদন দেয়া হয়। এ সপ্তাইে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের হচ্ছে।
আসামিদের মধ্যে রয়েছেন, জামালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন সাবেক কর্মকর্তা, বর্তমানে খাগড়াছড়িতে কর্মরত সৈয়দ মনিরুল হক এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের মো. হেলাল উদ্দিন।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গ্রামীন অবকাঠামো উন্নয়নে জামালপুরের ১৫টি প্রকল্পের অধীনে ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। ওই চালের মধ্যে ‘সাতপোয়া হেলুর বাড়ি থেকে সালাম বিএসসির বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার’ ও ‘আরামনগর দিয়ানত আলী সাহেবের গোরস্থানের উন্নয়ন’ প্রকল্পের নামে বরাদ্দ ছিলো মোট ১৪ মেট্রিক টন চাল।
আসামিরা এ প্রকল্পের কোন উন্নয়ন কাজ না করে চালের মূল্য বাবদ ৪ লাখ ৬৪ হাজার ৪২২ টাকা আত্মসাৎ করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হবে।
ঢাকা, একে, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





