রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলামের৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (৩১ মার্চ) রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।
দুপুর ২টা ৫০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (পরিদর্শক) জালাল উদ্দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অগ্নিকাণ্ডের সঠিক তথ্য ও পলাতকদের গ্রেফতারের জন্য অভিযুক্তদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন।
শনিবার (৩০ মার্চ) রাতে এস এম এইচ আই ফারুককে (৬৫) বারিধারার বাসা থেকে এবং তাসভিরুল ইসলামকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রকিব বলেন, “মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুল রহমান গণমাধ্যমকে বলেন, “আজ (রোববার) সকালে বনানীর অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
গত বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন এবং হাসপাতালে আরও১জন নিহত হন। এই ঘটনায় আহত হন ৭৩ জন।
এফ আর টাওয়ারে আগুনের হতাহতের ঘটনায় গতকাল (শনিবার) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ এনে ৪৩৬/৩০৪(ক) /৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন।
মামলায় কাশেম ড্রাইসেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে আসামি করা হয়।
অভিযোগ রয়েছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বরে ভূমি মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রূপায়ণ গ্রুপ যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করে। তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১৮তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেয়। পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ভবনটিকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত করে নির্মাণ করা হয়।
ডেভেলপার কোম্পানি ভবনটির ২০ ও ২১তম তলাটি জাতীয় পার্টির প্রয়াত সাবেক সংসদ সদস্য মাইদুল ইসলামের কাছে বিক্রি করে। মাইদুল ইসলামের কাছ থেকে ফ্লোর দুটি কিনে নেন কাশেম ড্রাইসেলসের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাসভীর উল ইসলাম। এরপর তিনি নকশা পরিবর্তন করে ছাদের ওপর আরো দুটি ফ্লোর নির্মাণ করেন।
এমবি





