নারায়ণগঞ্জের সাত খুনের মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারী নির্ধারণ করেছে আদালত। 

সোমবার সকালে নারায়ণগঞ্জের আদালতে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ জনকে আদালতে হাজির করা হলে এ তারিখ নির্ধারণ করেন আদালত।

১ ডিসেম্বর আদালতে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এদিন কোনো পুলিশ প্রতিবেদন না আসায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালত পরবর্তী এ দিন ধার্য করেন।

এসময় প্রতিবেদন দাখিল না করার জন্য ক্ষোভও প্রকাশ করেন আদালত। এবং যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিলের মৌখিক নির্দেশ দেন।     

এদিকে সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৪ জনকে শুনানী শেষে কারাগারে নেওয়ার সময়ে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে তাদের ফাঁসির দাবি জানান।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় র‌্যাব-১১ এর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

অপহরণের পর নিহত চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ও নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় নূর হোসেনসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়।

এএইচ