এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমানের বিরুদ্ধে ব্যবসায়ী পরিচয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণের বিষয়টি অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই এই বিষয়ে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে বলে জানা যায়।
সূত্র জানায়,২০১০ সালের ২২ ফেব্রুয়ারি মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সৈয়দ মাহবুবুর রহমানের মুক্তিযোদ্ধা প্রত্যয়নপত্র বাতিল করে।
পরে গত ৭ ফেব্রুয়ারি এলজিইডির এই প্রকৌশলী নিজের চাকরির বিষয়টি গোপন রেখে নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সাময়িক সনদপত্র’র জন্য আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে তিনি সনদ লাভ করেন। তবে তার দ্বিতীয় দফার সনদপত্রে জম্ম তারিখ উল্লেখ নেই।  তার এই সনদে উল্লেখিত ম-১৯৫৩৬৮’ নম্বরটি মুক্তিবার্তায় নেই বলেও অভিযোগ রয়েছে।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের এক সহকারি সচিব মো. আহছান কবির নিজের স্ত্রী রাবেয়া খাতুনকে দুঃস্থ দেখিয়ে ওই মন্ত্রণালয়ের একটি তহবিল থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেন। দুদক চেয়ারম্যান এই অভিযোগ অনুসন্ধানের জন্য উপপরিচালক মাহমুদ হাসানকে নিয়োগ  দিয়েছেন।
[b]ঢাকা, একে, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]