সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহকারি পরিচালক মোহাম্মদ আবু সাইদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,দুর্নীতি এবং ঘুষ গ্রহণের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের এক সভায় সিভিল এভিয়েশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে ‌'রুপসী বাংলা এয়ারলাইন্সের' এমডি আবজাল হোসেনের কাছ থেকে ৭৮ হাজার ১২০ টাকা ঘুষ গ্রহণের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলে যে কোনো সময় সংশ্লিষ্ট থানায় আসামির মোহাম্মদ আবু সাইদের বিরুদ্ধে দন্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করবেন বলে জানান তিনি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, ২০১০ সালে রুপসী বাংলা এয়ারলাইন্সের এমডি আবজাল হোসেনের কাছ থেকে ৭৮ হাজার ১২০ টাকা ঘুষ গ্রহণ করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহকারি পরিচালক মোহাম্মদ আবু সাইদ। এ ঘুষ লেন দেনের বিষয়টি অনুসন্ধানী কর্মকর্তা দন্ডবিধির ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক বক্তব্য নিয়েছেন।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ পরিচালক মো. নাসির উদ্দিন গত ২৪ ডিসেম্বর কমিশনের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন দাখিল করেন।
এছাড়াও সভায় সিভিল এভিয়েশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার , নানা দুর্নীতি এবং বিভিন্ন এয়ারলাইন্সের মালিকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।
একে