ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) বজলে কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদকের পক্ষ থেকে আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।
গত ২৪ এপ্রিল দুদকের নিয়মিত  সভায় এই চার্জশিট দায়েরের অনুমোদন দেয়া হয়।  চার্জশিট ভুক্ত অপর  আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক উপপরিচালক ডাঃ মোঃ ফয়জুল্লাহ, সিনিয়র লেকচারার অব প্রাক্টিক্যাল ফার্মেসীর ডাঃ মশিউর রহমান এবং সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স কনস্ট্যান্ড ট্রেডভিউ’র মালিক হারুন অর রশিদ। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০১১ সালের ১৬ নভেম্বর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে  ৮  জনের বিরুদ্ধে  মামলাটি দায়ের করেন। মামলা নম্বর -১৮।
তদন্ত শেষে দুদক ওই মামলা অপর ৪ আসামি ডা. কাজী এনামুল কবির,সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, গণপূর্তের  উপ বিভাগীয় প্রকৌশলী সতিনাথ বসাক, সমাজ সেবা কর্মকর্তা সায়েদা অভিযোগ  থেকে অব্যাহতি  দিয়েছে।
[b]ঢাকা,একে,২১ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]