বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেন আদালত।
শুনানি শেষে বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত। এর আগে বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ তার ১০দিনের রিমান্ড চায়।
বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে ২৯ জনকে দগ্ধ করার মামলায় তাকে ১০দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহিদুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রিজভীকেও এ মামলার হুকুমের আসামি করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)। ৩১ জানুয়ারি বিকেলে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব।
সেখান থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়।
আদালতের নির্দেশে ওইদিন থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
এমকে





