রাজধানী পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এই তথ্য জানা গেছে।
রাজধানী পল্টন থানার দায়ের করা মামলায় শুক্রবার খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আদলতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।
এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র্যাব-১ এর একটি দল।
জানা গেছে, সম্প্রতি পল্টন থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করা হয়েছে।
এমবি





