নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে।
রিজভীকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, তা শুনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ দিয়েছে।
এর ফলে রিজভীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ গত ২ জুলাই এসব মামলায় রিজভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত সোমবার চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি শোনার জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আপিল আদালতে রিজভীর পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির।
এই চার মামলার মধ্যে তিনটি মিরপুর থানার, অন্যটি পল্লবীর। বিশেষ ক্ষমতা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব মামলা করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানার মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্রও হয়েছে।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে তিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের বার্তা দিয়ে আসছিলেন।
আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, রুহুল কবীর রিজভীকে ১৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর সবগুলোতেই তিনি হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।
“এর মধ্যে চার মামলায় জামিন স্থগিত চেয়েছিল রাষ্ট্রপক্ষ। তবে আপিল বিভাগ ‘নো অর্ডার’ দেওয়ায় হাই কোর্টের জামিন বহাল থাকল।”
এএইচ





