পল্টন থানা পুলিশের করা নাশকতার তিন মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে ফের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর দুই মামলায় দুই দিন করে চার দিন ও অন্য এক মামলায় এক দিনসহ মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে ছাত্রদল সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে পল্টন থানা পুলিশ নাকশতার অভিযোগ এনে মামলা তিনটি দায়ের করে।
এর আগে ১৬ আগস্ট শাহবাগ থানায় পুলিশ করা নাশকতার তিন মামলায় রাজীব আহসানকে পাঁচ দিন রিমান্ড দেন আদালত।
১২ আগস্ট পল্টন থানার নাশকতার আট মামলায় রাজীব আহসানকে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ ১৬ দিনের রিমান্ড দেন।
এ ছাড়া ২৯ জুলাই রাজীব আহসানকে পল্টনের দু’টি, মতিঝিলের এক ও শাহবাগের একটিসহ মোট চার মামলায় আট দিনের রিমান্ড দেন আদালত।
প্রসঙ্গত, ১৯ জুলাই রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে ধুমকি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আটক করে থানা পুলিশ।
আটকের পর পটুয়াখালী গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) এক প্রেস ব্রিফিংয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ জানান, আটকের সময় রাজীবের প্রাইভেটকার থেকে ৪৫ পিস ইয়াবা ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
জেআই





