ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার সকালে ২ হাজতীর মৃত্যু হয়েছে।

পুলিশ মারা যাওয়া ওই ২ জন হলেন; নারায়ণগঞ্জের হত্যা মামলার আসামী চাঁন মিয়া (৬০) এবং যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ফরহাদ মণ্ডল (৩৮)। ফরহাদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মোকছেদ মণ্ডলের ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. জাকারিয়া সাংবাদিকদের জানান,গত সোমবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে চাঁন মিয়া অসুস্থ অনুভব করলে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকাল ৭টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।

জাকারিয়া আরও জানান, অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতী ফরহাদ মণ্ডল বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস সাংবাদিকদের জানান, দুই হাজতীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একে