বুয়েট কর্তৃক বহিষ্কৃত ছাত্রলীগের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার সভাপতি শুভ্রজ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকসহ চারজনকে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় নিয়ে ফেসবুকে মন্তব্যকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ওই চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছিল বুয়েট সিন্ডিকেট।
চার শিক্ষার্থীর পৃথক চারটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
একইসঙ্গে চার শিক্ষার্থীর বহিষ্কারাদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। বুয়েটের উপাচার্য ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে।
কেএইচ





