জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিরাগের বশবর্তী হয়ে তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। এই রায়ে তার শপথ ভঙ্গ হয়েছি কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শপথ ভঙ্গ হলে কী করণীয় তা করা উচিত।
তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায় মানতে সংসদ বাধ্য নয়। আর সংসদকে নির্দেশ দেয়ার ক্ষমতাও সুপ্রিম কোর্টের নেই।
আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একটি হেরিটেজ ফাউন্ডেশনের আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বি এম খায়রুল হক বলেন, ‘পার্লামেন্ট ইজ ইমম্যাচিওর, ‘ডেমোক্রেসি ইজ ইমম্যাচিওর’, ‘পার্লামেন্ট আমাদের ডাইরেকশন শোনেনি’, এই কথাগুলো যদি অনুরাগ বিরাগের মধ্যে চলে আসে তাহলে সেই জজ সাহেবের পজিশনটাই বা কী হবে?”
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি ইঙ্গিত করে খায়রুল হক বলেন, ‘তিনি ওথ বাউন্ড থাকছেন কি না, সেটাও আপনারা বিচার- বিবেচনা করে দেখুন। আমি পয়েন্ট আউট করে দিলাম। ওথ ভঙ্গ হলে কি হতে পারে? আপনারা জানেন কী হতে পারে।’
খায়রুল হক বলেন, ‘আমরা জজ সাহেবেরা কোনো দিনই অনুরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করব না। রায়ে যদি কোনো অনুরাগ বা বিরাগ রিফ্লেক্ট করে, তাহলে হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স অব দ্যট জাজমেন্ট। থিঙ্ক অ্যাবাউট ইট। আমার বলার কিছু নেই।’
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বক্তব্য দেয়ার কারণ ব্যাখ্যা করে খায়রুল হক বলেন, রায়ে ভুল কিছু থাকলে সেটা আইন কমিশনের কাজ। রায় নিয়ে কথা বলা আমাদের কর্তব্য।
এমএনজে





