মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশী বন্ধুদেরকে দেয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য দুদকের অনুসন্ধানে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন (দদুক) চেয়ারম্যান মো. ঊদিউজ্জামান । স্বর্ণ জালিয়াতির ঘটনায় আর্থিক লেনদেনের  বিষয়টিও অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে ব্রিফিংকালে তিনি বলেন, আমরা আর্থিক বিষয় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি।  ২ সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। তারা শিগগিরই কার্যক্রম শুরু করবেন।
এর আগে দুদক উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এবং সহকারী পরিচালক শেখ আব্দুস সালামকে ওই টিমে নিয়োগ দেয়া হয়।
সম্প্রতি সংবাদ সম্মেলনে ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি সম্পর্কে  প্রধানমন্ত্রী বলেছিলেন,সোনা কম কিংবা বেশি এটা বড় কথা নয়। তাদেরকে সম্মাননার স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট দেয়া হয়েছে, এটাই বড় বিষয়।
দুদক চেয়ারম্যান বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে  যেসব বিদেশী বন্ধু, রাষ্ট্রপ্রধান ও সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে সম্মানিত করা ছিলো একটি প্রশংসনীয় উদ্যোগ। ফলে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম হয়েছে।  কিন্তু  সম্মাননা ক্রেস্টে  সোনার পরিমাণ কম দেয়ার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ও হানিকর।
ক্রেস্টে জালিয়াতির অভিযোগে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, ওই  কমিটি কিছু লোককে দোষী সাব্যস্ত করে রিপোর্ট দিয়েছে। দুদক এতদিন এ রিপোর্টের অপেক্ষায় ছিল। এখন এই জালিয়াতির আর্থিক বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্রেস্টে সোনার পরিমাণ ও মান নিরূপণের কারিগরি দক্ষতা দুদকের নেই। তবে এ ক্ষেত্রে যারা দক্ষ তাদের সহযোগিতা নেয়া হবে। তদন্ত কমিটিরও সহযোগিতা নেয়া হতে পারে। তবে সংসদীয় কমিটির সহায়তা নেয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান।
[b]ঢাকা,একে,৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]